সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন: বিএনপি নেত্রী

রাষ্ট্রপতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে বিএনপির স্বনির্ভর বিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, ‘রাষ্ট্রপতি ওনার অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। অসুস্থতাজনিত কারণে যদি পদত্যাগ করেন, এখানে গণতান্ত্রিক ভাষায় কিছুই বলার নেই। সেই জায়গায় আইনিভাবে আরেকজনকে রাষ্ট্রপতি সিলেকশন করার আগ পর্যন্ত মাননীয় স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে সর্বোচ্চ ৯০ দিন পর্যন্ত থাকতে পারবেন।’

তিনি বলেন, ‘একজন রাষ্ট্রপতিকে যেভাবে যে আইনে সিলেক্ট করা হয়, সে আইনে সিলেক্ট করে তাকে রাষ্ট্রপতি পদে দেবেন, এটাই আমরা সরকারের কাছে আশা করি। 

নিলোফার চৌধুরী বলেন, ‘এখন পর্যন্ত সংগৃহীত নামগুলো থেকেই একজন রাষ্ট্রপতি হবেন। সেটা পলিটিক্যাল হতে পারেন, পলিটিক্যালের বাইরেও হতে পারে। সেটা রাষ্ট্র, রাষ্ট্রীয় যন্ত্র, সরকার, সরকারের যন্ত্র ঠিক করবেন।’

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যায় জামালপুর শহরের বকুলতলা মোড়ে জেলা শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল আয়োজিত জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বীরোচিত বিজয়ের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সুবাহানের সভাপত্বিতে জেলা যুবদলের সদস্য সচিব সোহেল রানা খান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিকসহ অন্যরা বক্তব্য রাখেন।

এর আগে শহরের গেটপাড় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা মোড়ে গিয়ে শেষ হয়।