জামালপুরসহ বিভিন্ন জেলার হোটেল-রেস্তোরাঁতে ঘোড়ার মাংস বিক্রি করতো একটি এই চক্র। ওই চক্রের পাঁচ জনকে আটক করেছে পুলিশ। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন এবং জরিমানা করেন।
আটক ব্যক্তিরা হলো– ঘোড়ার মাংস বিক্রেতা টাঙ্গাইলের মধুপুরের মো. হুমায়ুন (৪০), মাংসের ক্রেতা টাঙ্গাইলের গোপালপুরের আলফাজ (৪২) ও একই এলাকার মো. শহিদ (৩৫), পিকআপ চালক জামালপুরের সরিষাবাড়ীর মো. জুয়েল (২৬) এবং হেলপার শরিয়তপুর জাজিরার মো. তাসির মিয়া (২৫)।
নরুন্দি থানার ইনচার্জ মো. নাজমুল হক জানান, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জেলার সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের মিরাপুর এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ জনেকে আটক করা হয়। তারা একটি পিকআপে করে ১৬ বস্তায় ৯০০ কেজি ঘোড়ার মাংস বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এ সময় ঘোড়ার মাংসের বিক্রেতা, ক্রেতা ও পরিবহনের অভিযোগে পাঁচ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়।
তিনি জানান, চক্রটি জামালপুরসহ বিভিন্ন জেলায় ঘোড়ার মাংস হোটেল-রেস্তোরাঁতে বিক্রি করতো। তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমান হোসেন ঘোড়ার মাংস বিক্রেতা ও দুই ক্রেতাকে ছয় মাস এবং পিকআপ চালক ও হেলপারকে দুই মাসের কারাদণ্ডসহ ১ লাখ ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। এছাড়াও নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতে ওই ঘোড়ার মাংস মাটিতে পুতে দেওয়া হয়।