ইউপি নির্বাচন: মনোনয়ন চূড়ান্তের আগেই দেয়ালে নৌকার পোস্টার

Jamalpur UP Election pic-নির্বাচনি তফসিল ঘোষণার আগেই ও দলীয় মনোনয়ন না পেয়েই দেয়ালে নৌকা প্রতীকের পোস্টার লাগানোর অভিযোগ ‍উঠেছে জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.শাকিরুজ্জামান রাখালের বিরুদ্ধে। এতে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। সোমবার দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তার কাছে এ অভিযোগ করেছেন ওই ইউনিয়ন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী পাঁচ জন চেয়ারম্যান প্রার্থী। পঞ্চম ধাপে ওই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
অভিযোগে তারা বলেন, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মো.শাকিরুজ্জামান রাখাল নির্বাচনি তফসিল ঘোষণার আগেই দলীয় মনোনয়নকে উপেক্ষা করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় নৌকা প্রতীকসহ ভোট প্রার্থনা করে পোস্টার সেঁটেছেন। এ ঘটনায় ওই ইউনিয়ন থেকে মনোনয়ন প্রত্যাশী অন্য প্রার্থীদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করেছে।
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইস্তিয়াক হোসেন দিদার   জানান, ওই ইউনিয়নের দলীয় মনোনয়ন এখনও চূড়ান্ত করা হয়নি। তবে কীভাবে তিনি দলীয় প্রতীক ব্যবহার করে পোস্টার ছেঁপেছেন তা খতিয়ে দেখা হবে। 

এ বিষয়ে দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা করুনা সিন্ধু চাকলাদার বলেন, নৌকা প্রতীক দিয়ে এলাকায় পোস্টার ও লিফলেট সাঁটানোর বিষয়ে অভিযোগ পেয়েছি। বিষয়টি খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে চেয়ারম্যান মো.শাকিরুজ্জামান রাখালের সাথে ফোনে বার বার যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

আরও পড়ুন:

বরিশাল থেকে ছয় রুটে বাস চলাচল বন্ধ

/এআর/