মন্ত্রী-এমপির অনুষ্ঠানে বিদ্যুৎ গেলো কয়েকবারশেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর উপস্থিতিতে মানুষ-হাতি দ্বন্দ্ব নিরসনে মতবিনিময় সভায় কয়েক দফা লোডশেডিংয়ের ঘটনা ঘটেছে। এতে উপস্থিত অতিথি, প্রশাসনিক কর্মকর্তা ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
শনিবার (১০ অক্টোবর) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সভা চলাকালে কয়েক দফা বিদ্যুৎ চলে যায়। পরে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলীকে জানানো হয়। এরপর অনুষ্ঠানের শেষ পর্যায়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা হয়।
জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। বিশেষ অতিথি ছিলেন শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল ও প্রধান বন সংরক্ষক আমীর হোসাইন চৌধুরী। এ ছাড়া বন বিভাগ, জেলা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং জেলা ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে পিডিবির নির্বাহী প্রকৌশলী শাহাবুদ্দিন বলেন, আপাতত কোনও লোডশেডিং নেই। তবে লাইনে ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হতে পারে। বিষয়টি তিনি দেখছেন।