সাংবাদিক আলিফ হত্যার নেপথ্যে বড় চক্র, প্রধান সন্দেহভাজন গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ ফকির হত্যা মামলার অন্যতম প্রধান সন্দেহভাজন (২২) অপূর্বকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে দুর্গাপুর পৌর শহরের পুরোনো সিনেমা হলের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অপূর্বকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ড সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, এ হত্যাকাণ্ডে সরাসরি পাঁচ থেকে ছয়জন জড়িত ছিলেন। তাদের পেছনে অর্থদাতাসহ আরও বড় একটি চক্রের সংশ্লিষ্টতা রয়েছে বলে ধারণা করছে পুলিশ।

গ্রেফতার অপূর্ব দুর্গাপুর পৌর শহরের উকিলপাড়া এলাকার বাসিন্দা। তিনি পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শফিকুল হত্যা মামলারও আসামি বলে জানিয়েছে পুলিশ।

গত বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে দুর্গাপুর উপজেলার বিরিশিরি উৎরাইল এলাকার তেলুঞ্জিয়া গ্রামে শ্বশুরবাড়ির কাছে একটি দোকানের সামনে গুলিতে নিহত হন সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ। তার শরীরে ছয়টি গুলির ক্ষত পাওয়া যায়।

এ ঘটনায় আলিফের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে অজ্ঞাতপরিচয় আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন। মামলাটি বর্তমানে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও গোয়েন্দা পুলিশের (ডিবি) সমন্বিত দল তদন্ত করছে।