সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গন (২১) নামে এক সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৪)। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য অনুযায়ী, গ্রেফতার প্রাঙ্গন একাধিক হত্যা মামলার আসামি হিসেবে পরিচিত শুটার শামীমের ভাগনে।

মঙ্গলবার (২০ অক্টোবর) রাত পৌনে ১২টার দিকে দুর্গাপুর পৌরসভার শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার প্রাঙ্গন দুর্গাপুর পৌরসভার বাগিচাপাড়া এলাকার শাহিন মিয়ার ছেলে। বুধবার (২১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য নিশ্চিত করেন এসআরবি-১৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মু. মাসুদ রানা। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

যেভাবে হত্যা করা হয় সাংবাদিক আলিফকে

নিহত লুৎফুজ্জামান ফকির ওরফে আলিফ বেসরকারি আইপি টেলিভিশন চ্যানেল রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি ছিলেন। পাশাপাশি তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজ পরিচালনা করতেন। ওই পেজে সীমান্ত এলাকার বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন তিনি।

মামলার এজাহার ও পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৫ অক্টোবর রাত ৮টার দিকে স্থানীয় একটি মনিহারি দোকান থেকে প্রয়োজনীয় জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিলেন আলিফ। পথে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা আগ্নেয়াস্ত্র নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তাঁকে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত সাংবাদিকের স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় হত্যা মামলা করেন।

এসআরবি-১৪ জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই তারা ছায়াতদন্ত শুরু করে। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের জন্য কার্যক্রম চালানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ হত্যা মামলার অন্য পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।