ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মাদ্রাসার শিক্ষকের ৮ বছরের জেল, জরিমানা ২ লাখ

জামালপুরের দেওয়ানগঞ্জে আট বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে সাইদুর রহমান ওরফে সাইদ মুন্সি (৪৫) নামে এক মাদ্রাসাশিক্ষককে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সাইদুর রহমান দেওয়ানগঞ্জ উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের সাকোয়াপাড়া গ্রামের জুরাল মিস্ত্রির ছেলে। তিনি স্থানীয় মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার শিক্ষক ছিলেন।

মামলার অভিযোগ ও নথি থেকে জানা যায়, গত ২৬ এপ্রিল দেওয়ানগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম নূরানি মডেল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ওই শিশুছাত্রীকে ধর্ষণচেষ্টা করেন সাইদুর রহমান। এ ঘটনায় শিশুটির বাবা গত ৩ মে দেওয়ানগঞ্জ থানায় মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ ফজলুল হক বলেন, ‌এ মামলায় মোট পাঁচজন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। মামলার তদন্ত ও বিচারিক কার্যক্রম শেষে সাইদুর রহমানকে দোষী সাব্যস্ত করে আট বছরের কারাদণ্ড এবং দুই লাখ টাকা অর্থদণ্ড দেন আদালত। পাশাপাশি জরিমানার অর্থ ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দেন।