‘জুলাই শহীদ সাগর চত্বরে’ আগুন, জড়িতদের গ্রেফতারের দাবিতে আমরণ অনশন

ময়মনসিংহ নগরীতে জুলাই আন্দোলনের শহীদ সাগর চত্বরে আগুন দেওয়ার চেষ্টার প্রতিবাদ ও জড়িতদের গ্রেফতারের দাবিতে অনশনে বসেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পাঁচ নেতা।

রবিবার (৮ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে একদল দুর্বৃত্ত সাগর চত্বরে টায়ার জ্বালিয়ে আগুন দেওয়ার চেষ্টা করে। খবর পেয়ে ভোররাতে সেখানে অবস্থান নেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে তারা অনশন শুরু করেন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলার সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন মঞ্জু অভিযোগ করেন, জুলাই আন্দোলনের বিরোধিতাকারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে। নগরীর কেন্দ্রস্থলে প্রশাসনের নাকের ডগায় এমন ঘটনা ঘটাকে প্রশাসনের ব্যর্থতা উল্লেখ করে তিনি বলেন, ডিসেম্বরকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু এ বিষয়ে প্রশাসনের ভূমিকা স্পষ্ট নয়। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেফতার না করা পর্যন্ত তাদের অনশন ও আন্দোলন চলবে।

এদিকে শহীদ সাগরের বাবা আসাদুজ্জামান এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, এমন ন্যক্কারজনক ঘটনায় শুধু তার পরিবার নয়, জুলাই আন্দোলনের সঙ্গে যুক্ত সবাই ব্যথিত হয়েছেন। তিনি দ্রুত জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, রবিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা আগুন জ্বালিয়ে সাগর চত্বর পুড়িয়ে দেওয়ার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন আগুন নেভান। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে।