সাভার-আশুলিয়ার ১৫ মামলায় গ্রেফতার কেউ শ্রমিক না: ডিআইজি

সাভার (ঢাকা) প্রতিনিধি
০৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৫ আপডেট : ০৮ নভেম্বর ২০২৬, ১৫:৫৫

সাভার ও আশুলিয়ায় পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে এ পর্যন্ত প্রায় ১৫টি মামলা হয়েছে। এসব মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তবে গ্রেফতার ব্যক্তিদের কেউ শ্রমিক নন; তারা সংকট সৃষ্টির সঙ্গে জড়িত বলে দাবি করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান।

রবিবার (৮ নভেম্বর) সাভার ও আশুলিয়ার বিভিন্ন কারখানার নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ডিআইজি বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জে নেতিবাচক কোনও পরিস্থিতির খবর পাওয়া যায়নি। কারখানায় গিয়ে দেখা গেছে, শ্রমিকেরা স্বাভাবিকভাবেই কাজে যোগ দিয়েছেন। চলতি মাসের ১ তারিখে মজুরি বোর্ড গঠনের পর প্রথম বৈঠকে শ্রমিকদের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। সাভার-আশুলিয়া এলাকার শ্রমিকদের সঙ্গেও তারা কথা বলেছেন। তখন শ্রমিকেরা জানিয়েছেন, চলমান আন্দোলন তাদের নয়।

মোস্তাফিজুর রহমান বলেন, শ্রমিকদের দাবির প্রতি সরকার অত্যন্ত সহানুভূতিশীল। বর্তমান সরকার শ্রমিকবান্ধব এবং তাদের বেতন ও সুযোগ-সুবিধা নিয়ে কাজ করছে। শ্রমিকেরা কাজে থাকলে এবং তাদের মধ্যে ঐক্য বজায় থাকলে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ থাকবে না। একটি গোষ্ঠী শ্রমিকদের আবেগকে কাজে লাগিয়ে শিল্পাঞ্চলে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।

গ্রেফতারের বিষয়ে তিনি বলেন, শ্রমিকদের মতো সংবেদনশীল একটি বিষয়কে ব্যবহার করে একটি চক্র অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা করছে। যারা পরিস্থিতি অশান্ত করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সাভার ও আশুলিয়ায় প্রায় ১৫টি মামলায় শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তাদের কেউ শ্রমিক নন।

ডিআইজি আরও বলেন, গাজীপুর ও নারায়ণগঞ্জেও শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। সেখানেও গ্রেফতার ব্যক্তিদের কেউ শ্রমিক নন। তারা সবাই শিল্পাঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িত।

কারখানার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ডিআইজি বলেন, গোয়েন্দা পুলিশ ও পোশাকধারী পুলিশ সদস্যরা সক্রিয় রয়েছেন। কারা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছেন, তা তাদের জানা আছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, তাদের আবেগকে কাজে লাগিয়ে কেউ যেন পরিস্থিতি অশান্ত করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এলাকার মানুষকে সঙ্গে নিয়ে এ ধরনের তৎপরতা প্রতিহত করার আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, কারখানা, বাসস্থান ও সড়কে পুলিশ শ্রমিকদের পাশে রয়েছে। শিল্পাঞ্চলে পর্যাপ্ত পুলিশ, বিজিবি, এপিবিএন ও শিল্প পুলিশ মোতায়েন আছে।

এদিকে টানা কয়েক দিনের আন্দোলনের পর সাপ্তাহিক ছুটি শেষে রোববার সকাল থেকে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকেরা। তারা কর্মস্থলে প্রবেশ করে নিজ নিজ ইউনিটে উৎপাদনকাজ শুরু করেন।

তবে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক থাকলেও আশুলিয়ার মেডলার, দি রোজ, এনবয়, নিট এশিয়া ও এস২১সহ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এসব কারখানার শ্রমিকদের কাজে ফেরাতে শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে কর্তৃপক্ষ।

ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তরিকুল ইসলাম বলেন, দু-একটি কারখানা ছাড়া শিল্পাঞ্চলের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ ও স্বাভাবিক রয়েছে।

/আরএইচ/
সম্পর্কিত
মাকে নিয়ে ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫
শ্রমিক আন্দোলনে উসকানি ও অর্থায়নের অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার
শ্রমিকরা কাজে ফেরার পরও কেন সতর্ক পুলিশ
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স্কলারশিপ পাচ্ছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী
বন্দে ভারতে এক বছর আগেই টিকিট বুকিং! সুবিধা পাবেন কারা?
বন্দে ভারতে এক বছর আগেই টিকিট বুকিং! সুবিধা পাবেন কারা?
৫৫ পদে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-১৭
৫৫ পদে নিয়োগ দেবে ঢাকা কর অঞ্চল-১৭
ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ বলা নিয়ে শুনানিতে উত্তেজনা
ট্রাইব্যুনালে প্রসিকিউটরের ‘জেন-জি ক্ষেপে গেলে বিপদ’ বলা নিয়ে শুনানিতে উত্তেজনা
সর্বাধিক পঠিত
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
রেডি হও জামায়াত, তোমাদের উপযুক্ত জায়গা পাকিস্তান পাঠানো হবে: পাপিয়া 
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
১০ লাখ টাকা থাকলে কোথায় বিনিয়োগ করবেন
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
পেঁয়াজের দাম কমেছে কেজিতে ১৫ টাকা
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
আ.লীগের মিছিল থেকে পুলিশের ওপর হামলা, ওসিসহ ৬ সদস্য আহত
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে
বিমানযাত্রীর ব্যাগে ১৩০০ গৌরী ক্রিম, পাকিস্তান থেকে দুবাই হয়ে এলো বাংলাদেশে