রেললাইনে আগুন দেওয়ার সময় ২ নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে ধরলো ছাত্রদল

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইয়াছিন মার্কেট-সংলগ্ন রেললাইনে আগুন দেওয়ার চেষ্টার অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন আনন্দ মোহন কলেজের নিষিদ্ধ ছাত্রলীগের অর্থ সম্পাদক ঝিনুক ও তার সহযোগী নির্জন। এ সময় সংগঠনটির সাংগঠনিক সম্পাদক শৈবাল পালিয়ে যান বলে জানা গেছে।

বাকৃবি শাখা ছাত্রদলের আহ্বায়ক কৃষিবিদ আতিকুর রহমান জানান, বিশ্ববিদ্যালয়ের ইয়াছিন মার্কেট-সংলগ্ন রেললাইন এলাকায় তিনজনকে আগুন দেওয়ার চেষ্টা করতে দেখেন সাধারণ শিক্ষার্থী ও অন্যরা। পরে তাদের আটক করতে গেলে ধস্তাধস্তির একপর্যায়ে শৈবাল পালিয়ে যান। বাকি দুজনকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির কাছে হস্তান্তর করা হয়। পরে তাদের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

ঘটনার বিষয়ে বাকৃবি শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ এ এম শোয়াইব বলেন, ঘটনার সময় আমরা ফার্স্ট গেটে ছিলাম। আমাদের কর্মীরা দুজনকে আটক করার পর বিষয়টি জানতে পেরে আমি, শাখা ছাত্রদলের আহ্বায়ক ও সদস্যসচিব ঘটনাস্থলে পৌঁছাই। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাদের থানায় সোপর্দ করে।