জুলাই শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ: দুই কিশোরসহ গ্রেফতার ৩

ময়মনসিংহ নগরে জুলাই আন্দোলনে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। 

গ্রেফতারকৃতরা হলো- নগরীর ছত্রিশ বাড়ি কলোনি এলাকার সজলের ছেলে মো. রোহান ইসলাম (১৬), আকুয়া হাবুন ব্যাপারী মোড়ের মো. ওসমান গণির ছেলে মো. রবিউল আওয়াল (১৭) এবং আকুয়া মোড়লবাড়ী এলাকার মাহমুদুর রহমান উজ্জ্বলের ছেলে হাসিবুর রহমান পিয়াস (২১)। মঙ্গলবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আবদুল্লাহ আল-মামুন।

এর আগে রবিবার (৮ নভেম্বর) রাত ১টা ৫০ মিনিটে কয়েকজন যুবক সাগর স্মৃতিস্তম্ভে টায়ার রেখে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, ওসব যুবক মুখে মাস্ক ও মাথায় সাদা ক্যাপ পরিহিত অবস্থায় এ ঘটনা ঘটায়। এরপর তাদের ধরতে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তা এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ঘটনার মাত্র ৩০ ঘণ্টার মধ্যে বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করতে সক্ষম হয়।

ময়মনসিংহ নগরে জুলাই আন্দোলনে শহীদ রেদোয়ান হোসেন সাগরের স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ 

এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানান পুলিশ সুপার কামরুল হাসান। ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি। 

এদিকে ওই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার ভোর ৪টা থেকে শহীদ সাগর চত্বরে আমরণ অনশনে বসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। পরে বিকালে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের আশ্বাসে তারা অনশন প্রত্যাহার করেন। সেই সময় পুলিশ সুপার ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের গ্রেফতারের আশ্বাস দিয়েছিলেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সন্ধ্যা ৭টার দিকে সিকেঘোষ রোড এলাকায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের মিছিল এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের মিছিল চলাকালে ধাওয়া-পাল্টা ধাওয়ার মাঝে পড়ে গুলিবিদ্ধ হন রেদোয়ান হোসেন সাগর। পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। পরবর্তীতে আন্দোলনকারীরা তার স্মরণে ঘটনাস্থলকে ‘সাগর চত্বর’ ঘোষণা করে এবং সেখানে তার ছবি সংবলিত স্মৃতিফলক স্থাপন করা হয়।