নেত্রকোনায় আবারও রেললাইনে আগুন, ভিডিও ভাইরাল

নেত্রকোনার বারহাট্টা উপজেলার পরিত্যক্ত অতিথপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পেট্রোল বা অন্য কোনও দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়ার ৪১ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ১১টা থেকে ১২টার মধ্যে কোনও এক সময় এ ঘটনা ঘটে। দুর্বৃত্তরা আগুন দেওয়ার দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। ভিডিওতে দেখা যায়, এক যুবক প্ল্যাটফর্মের বিভিন্ন স্থান ও কয়েকটি পিলারে তরল দাহ্য পদার্থ ঢেলে আগুন জ্বালাচ্ছেন। এ সময় প্ল্যাটফর্মের নিচে আরও এক যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আগুন ধরানোর পরপরই দুজনকে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায়।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বারহাট্টা থানার ওসি চম্পক দাম জানান, প্ল্যাটফর্মের তিনটি পিলারে চটের বস্তায় পেট্রোল অথবা অন্য কোনও দাহ্য পদার্থ ব্যবহার করে আগুন দেওয়ার আলামত পাওয়া গেছে। তবে পিলারগুলো লোহার তৈরি হওয়ায় স্থাপনার উল্লেখযোগ্য কোনও ক্ষতি হয়নি।

অন্যদিকে, এ ঘটনায় ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়বে না বলে জানিয়েছেন মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের ম্যানেজার জহিরুল ইসলাম।

তিনি বলেন, রেলওয়ের প্রকৌশল বিভাগের ওয়েম্যান ও বারহাট্টা থানা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, ছেঁড়া চটের বস্তায় পেট্রোল ঢেলে প্ল্যাটফর্মের মেঝে ও পিলারে আগুন দেওয়া হয়েছে। পরিত্যক্ত প্ল্যাটফর্মটিতে বড় ধরনের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। রেল যোগাযোগও স্বাভাবিক রয়েছে।

উল্লেখ্য, এর আগে নেত্রকোনার বারহাট্টা উপজেলার পাটলী এবং সদর উপজেলার চল্লিশা এলাকায় রেললাইনে আরও তিন দফা অগ্নিসংযোগের ঘটনা ঘটে।