বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার

সীমান্ত দিয়ে পলাতক কেউ ঢুকলে গ্রেফতার, সার্চলাইট-ড্রোনের মাধ্যমে চলছে নজরদারি

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ময়মনসিংহ সেক্টরের কমান্ডার কর্নেল নাসির উদ্দিন বলেছেন, ‘সীমান্ত দিয়ে কেউ যেন অবৈধভাবে প্রবেশ বা বের হতে না পারে, সে বিষয়ে বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। বিতর্কিত কোনও ব্যক্তি বা পলাতক কোনও আসামি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে তাকে গ্রেফতার করা হবে।’

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ময়মনসিংহে বিজিবির সেক্টর সদর দফতরের শহীদ মুশতাক মাহমুদ মাল্টিপারপাস শেডে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এ সময় সীমান্ত পরিস্থিতি ও নিরাপত্তাব্যবস্থা এবং চোরাচালান ও মানব পাচার প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি।

সেক্টর কমান্ডার কর্নেল নাসির উদ্দিন বলেন, ‘ময়মনসিংহ সেক্টরের আওতায় প্রায় ২৪৩ কিলোমিটার সীমান্ত রয়েছে। এই সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দিনরাত দায়িত্ব পালন করছেন। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে ৫০টির বেশি সিসিটিভি ক্যামেরা, ২০টির বেশি সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোনের মাধ্যমে নজরদারি চলছে। নতুন করে আরও ৬৫টি সিসিটিভি ক্যামেরা ও ৩৩টি সার্চলাইট স্থাপনের কাজ চলছে। দুর্গম ও নদীতীরবর্তী এলাকায় বিশেষ যান এটিভি (অল-টেরেন ভেহিকেল) ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া প্রতিটি বর্ডার আউটপোস্টের (বিওপি) নিয়মিত চারটি টহলের পাশাপাশি বিশেষ টহল পরিচালনা করা হচ্ছে।’

ময়মনসিংহের হালুয়াঘাট ও নেত্রকোনার মহেশখালী সীমান্ত এলাকায় ভারতে পলাতক লোকজনের তৎপরতা নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিজিবির সেক্টর কমান্ডার বলেন, ‘এ বিষয়ে বিজিবি কিছু তথ্য পেয়েছে। গোয়েন্দা নজরদারি ও মাঠপর্যায়ে তৎপরতার মাধ্যমে সেসব তথ্য যাচাই করা হচ্ছে। অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গেও সমন্বয় করা হচ্ছে। এখন পর্যন্ত ওই সব এলাকায় সন্দেহজনক কোনও তৎপরতা নজরে আসেনি। তবে কোনও তথ্যকেই অবহেলা করা হচ্ছে না। প্রাপ্ত তথ্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই) ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সঙ্গে সমন্বয় করে যাচাই-বাছাই করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ নভেম্বর পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনকে পুশইনের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জন বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া ৫৮ জন মানব পাচারকারীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে।’