ডেটিং অ্যাপে নারীদের ছবি ব্যবহার করে প্রতারণা, গ্রেফতার ৭

ময়মনসিংহে ‘মেগা পার্সোনাল’ নামের একটি ডেটিং অ্যাপে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন ও নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকালে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এর আগে সোমবার রাতে নগরীর সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে মনির হোসেন (২৩), মাসুদ আল মারুফ (২৫), তানভীর আহমেদ (২৫), জিল্লুর রহমান জনি (২৭), মজনু (২৬), নাঈম মন্ডল (২৪) ও রাকিবকে (২০) গ্রেফতার করা হয়েছে।

এসপি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ অ্যাপ ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

এ চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত আছেন। তাদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলার প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলার প্রক্রিয়াও চলমান রয়েছে।