‘ফকির কমিটির’ ঘোষণা, ৫টার পর ভিক্ষা করলেই ১৫০০ টাকা জরিমানা

ময়মনসিংহের ফুলপুর বাজারে ভিক্ষাবৃত্তিতে শৃঙ্খলা ফেরাতে ভিক্ষার দিন, সময় ও নিয়ম নির্ধারণ করে দিয়েছে ‘ফকির কমিটি’। এমনকি নির্ধারিত নিয়ম অমান্য করলে অর্থদণ্ড ও কারাদণ্ডের মতো কঠোর শাস্তির ঘোষণাও দেওয়া হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) বিকালে ফুলপুর বাজারের গোলচত্বরে হুইলচেয়ারে বসে নিজের হাতে হ্যান্ডমাইক নিয়ে অন্য ভিক্ষুকদের উদ্দেশে এ ঘোষণা দেন ভিক্ষুক ফকির কমিটির সভাপতি আনোয়ার হোসেন।

ঘোষণায় সভাপতি আনোয়ার হোসেন জানান, হাটবার অর্থাৎ মঙ্গলবার ছাড়া অন্য দিনগুলোতে বাজারে যত্রতত্র ভিক্ষা করা নিষিদ্ধ। সপ্তাহের বাকি দিনগুলোতে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নির্ধারিত নিয়ম মেনে ভিক্ষা করতে হবে। তবে বিকেল ৫টার পর কেউ বাজারে ভিক্ষা করলে তাকে এক হাজার ৫০০ টাকা জরিমানা এবং তিন দিনের কারাদণ্ড দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এ সময় তার সঙ্গে থাকা স্ট্যান্ডে কমিটির অনুমোদিত একটি পরিচয়পত্র বা কাগজপত্রও ঝোলানো দেখা যায়।

ব্যতিক্রমধর্মী এই মাইকিং ও শাস্তির ঘোষণার পরপরই পুরো এলাকায় ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। উপস্থিত কয়েকজন উৎসুক ব্যক্তি বিষয়টি মোবাইল ফোনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।

স্থানীয়দের একাংশ বাজারে ভিক্ষুকদের ভিড় নিয়ন্ত্রণে এমন উদ্যোগকে সাধুবাদ জানালেও, একটি বেসরকারি সমিতি বা কমিটি কীভাবে ‘জেল-জরিমানার’ মতো আইনি শাস্তি দেওয়ার ঘোষণা দেয়, তা নিয়ে জনমনে নানা প্রশ্ন ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

এ বিষয়ে ফুলপুর থানার ওসি ফিরোজ হোসেন জানান, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিওটি তাদের নজরে এসেছে। ইতিমধ্যে ওই ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। কোন এখতিয়ারে বা কীভাবে তিনি এমন শাস্তির ঘোষণা দিয়েছেন, তা গভীরভাবে খতিয়ে দেখা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।