পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বৈঠক প্রমাণ করে দলটি সরকার উৎখাতের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।এমনকি দলের মহাসচিবের এ বৈঠক দায়িত্বশীলতার মধ্যে পড়ে কিনা তিনি সে প্রশ্নও তুলেছেন।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরায় ৭৯৫ কোটি টাকা ব্যয়ে ১শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কাজের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথি আরও বলেন, ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ গড়ার লক্ষে সরকার কাজ করছে। ২০১৭ সালের মধ্যে দেশের প্রায় শতভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। দ্রুত সময়ে বিদ্যুৎ চাহিদা পূরণে তেলভিত্তিক বেশ কিছু বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলেও দীর্ঘমেয়াদি বিদ্যুৎ চাহিদা পূরণের জন্য কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার।
এসময় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণের কারণে সুন্দরবনের ক্ষতি নিয়ে সরকারের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ইতোমধ্যে ইউনেস্কোর একটি টেকনিক্যাল টিম সফর করেছে। এ নিয়ে একাধিক গবেষণাও হয়েছে। আর এই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের ফলে পরিবেশের কোনও ক্ষতির সম্ভাবনা নেই বলেও তিনি জানান । বিষয়টি তথ্য উপাত্ত দিয়ে কেউ প্রমাণ করতে পারলে সরকার তাদের সঙ্গে বসতে রাজি আছে বলেও তিনি জানান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ সদস্য শেখ মোহাম্মদ আলাউদ্দিন এর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন পিডিবি’র প্রধান প্রকৌশলী হযরত আলী, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো. জাহিদুল ইসলাম, চীনের হুবেই ইলেক্ট্রিক পাওয়ার সার্ভে এবং ডিজাইন ইন্সটিটিউটের ডেপুটি জেনারেল ম্যানেজার প্যান দেন উ প্রমুখ।
তিনি বলেন, এ অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে সোনা মসজিদ হয়ে ভারতের সঙ্গে সরাসরি বাস চলাচলের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সহযোগিতায় এবং চীনের হুবেই ইলেক্ট্রিক পাওয়ার সার্ভে’র কারিগরি সহযোগিতায় এই বিদ্যুৎকেন্দ্রটির নির্মাণকাজ আগামী ২০১৭ সালের ২৫ মার্চ শেষ হবে এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হবে।
/টিএন/