রাজশাহী কলেজে ছাত্রলীগ নেতাকে মারধর

প্রতিবাদে দুটি হোস্টেলে ছাত্রদল নেতাদের কক্ষে আগুন

রাজশাহী কলেজরাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে মারধরের জের ধরে কলেজটির দুটি ছাত্র হোস্টেলের কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দিয়েছে দলটির নেতাকর্মীরা। মঙ্গলবার বেলা ৩ টার দিকে রাজশাহী কলেজের বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ ও বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল হোস্টেলের কয়েকটি কক্ষে এ ঘটনা ঘটায় তারা। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে কলেজ শাখা ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী মঙ্গলবার দুপুরে ছাত্রলীগ কর্মী ও কলেজের রসায়ন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শাহিনুর রেজা শাহিনকে একটি হোস্টেলে তুলে নিয়ে যায়। সেখানে কলেজ ছাত্রদলের সভাপতি মোর্তজা ফাহিম ও সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান সৌরভ তাকে মারধর করেন। এরপর অন্য শিক্ষার্থীরা ওই ছাত্রলীগ কর্মীকে উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করে।
এদিকে এ খবর ছড়িয়ে পড়লে দুপুর আড়াইটার দিকে ছাত্রলীগের নেতাকর্মীরা ওই হোস্টেল দুটিতে গিয়ে ছাত্রদলের নেতাকর্মীদের খোঁজাখুজি করে। তাদের না পেয়ে হোস্টেল কয়েকটি কক্ষে আগুন ধরিয়ে দেয় তারা। এসময় কলেজ হোস্টেলে চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

নগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন জানান, কলেজ ক্যাম্পাসে উত্তেজনার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। সংঘর্ষ এড়াতে কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন: ২১টি ইউনিয়নে জমে উঠেছে ভোটযুদ্ধ: ৫৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ 

/এআর/টিএন/