বগুড়ায় স্বতন্ত্র প্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর

বগুড়া সদরের লাহিড়ীপাড়া ইউনিয়নে দুর্বৃত্তরা বৃহস্পতিবার রাতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুর রশিদের কায়েতপাড়ার বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এ হামলার জন্য আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আজাহারুল হান্নান রিপুর কর্মীদের দায়ী করা হয়েছে। তবে আওয়ামী লীগ প্রার্থী অভিযোগটি অস্বীকার করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ৯টার দিকে একদল দুর্বৃত্ত লাহিড়ীপাড়া ইউনিয়নের কায়েতপাড়ায় স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মাওলানা আবদুর রশিদের বাড়িতে হানা দেয়। তারা ব্যাপক ভাঙচুর করে। এসময় বাড়িতে থাকা পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে পড়েন। এ হামলার জন্য আওয়ামী লীগ চেয়ারম্যান প্রার্থী রিপুর লোকজনকে দায়ী করা হয়েছে।

সদর থানার এসআই ফয়সাল জানান, হামলায় তেমন ক্ষয়ক্ষতি হয়নি।

এর আগে গত সোমবার রাতে জাসদ প্রার্থী সাইদুর রহমান ছালেকের ভবানীগঞ্জহাট ও সাতশিমুলিয়ার কার্যালয় ভাঙচুর করা হয়েছে। এছাড়া ছালেকের সাতশিমুলিয়ার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। চেয়ারম্যান প্রার্থী ছালেক বৃহস্পতিবার প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ হামলার জন্য আওয়ামী লীগের প্রার্থী রিপু ও তার লোকজনদের দায়ী করেছেন।

আরও পড়ুন: জলঢাকায় আ.লীগ-বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, আহত ৯

/এসটি/