জয়পুরহাটে 'বন্দুকযুদ্ধে' মাদক ব্যবসায়ী নিহত

বন্দুকযুদ্ধজয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর শালুয়ার মাঠে পুলিশ-বিজিবির সঙ্গে বন্দুকযুদ্ধে তরিকুল (৪০) নামে এক ফেনসিডিল ব্যবসায়ী নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ।  এসময় দুই বিজিবি সদস্য ও এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন।  আহত পুলিশ ও বিজিবি সদস্যদের পাঁচবিবির মহীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় এ ঘটনা ঘটে।
পুলিশ ঘটনাস্থল থেকে ২০৬ বোতল ফেনসিডিল ও সাতটি ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।
নিহত তরিকুল রতনপুর এলাকার চকশিমুলিয়া গ্রামের বাসিন্দা। তরিকুলের বিরুদ্ধে পাঁচবিবি থানায় মাদক চোরাচালানের ১১টি মামলা রয়েছে।
সহকারী পুলিশ সুপার (সার্কেল) অশোক কুমার পাল জানান, পাঁচবিবির রতনপুরের শালুয়ার মাঠ সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানীরা মাদক নিয়ে বাংলাদেশে ঢুকছে, এমন খবর পেয়ে পুলিশ ও র‌্যাব যৌথভাবে তাদের বাধা দিতে গেলে টের পেয়ে চোরাচালীনারা তাদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। তারা গুলিও চালায়। এসময় গুলিতে মাদক ব্যবসায়ী তরিকুল গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় পুলিশের কনস্টেবল অন্তিম এবং বিজিবি সদস্য সালাউদ্দিন ও সুফল মণ্ডল আহত হয়।  নিহত তরিকুলের মৃতদেহ জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। 

আরও পড়ুন: রোজার আগেই অস্থির ছোলা ও চিনির বাজার 

/এআর/এফএস/