রাবির দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন

রাজশাহী বিশ্ববিদ্যালয়রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দুই শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে ও সুষ্ঠু তদন্তের দাবিতে মানববন্ধন করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। রবিবার দুপুর দেড়টার দিকে বিভাগের সামনে তারা এই মানববন্ধন করে।
মানববন্ধনে বক্তারা এই ঘটনাকে শিক্ষক-শিক্ষার্থীদের ওপর ধারাবাহিক হামলার অংশ উল্লেখ করে এর প্রতিকার দাবি করেন।
এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্টেশন বাজার এলাকায় রায়হানুল ইসলাম রিংকু ও সাইফুল ইসলামকে রড দিয়ে পিটিয়ে জখম করে দুর্বৃত্তরা। তারা দুজনেই বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এসময় রিংকুর মাথা ও পিঠ গুরুতর জখম হয়েছে এবং সাইফুল হাতে আঘাত পেয়েছে। ওই রাতেই তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রিংকু ও সাইফুল বিশ্ববিদ্যালয় সংলগ্ন রেল স্টেশনের প্লাটফর্মে বসে আড্ডা দিচ্ছিলেন। এমন সময় ৪/৫ জন অজ্ঞাত যুবক এসে অতর্কিতে সাইফুল ও রিংকুকে রড দিয় পেটাতে শুরু করে।

আহত সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কেনো কারণ ছাড়াই অতর্কিত আমাদের মারা হয়েছে। কী কারণে মারা হয়েছে জানি না। আমরা ওদের কাউকে চিনতে পারিনি।’

আরও পড়ুন: গাইবান্ধায় আহত প্রতিবন্ধী ব্যবসায়ীর মৃত্যু

/জেবি/টিএন/আপ-এআর/