রাজশাহীতে পৃথক ঘটনায় দুই যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। নগরীর ভাটাপাড়া চণ্ডিপুর এলাকায় আপেল মাহমুদ হৃদয় (৩৩) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। অন্যদিকে বাগমারা উপজেলার হামিরকুৎসা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলতাব মাহমুদের (৩৬) গলা কাটা লাশ উদ্ধার করা হয়েছে।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুর রহমান জানান, মঙ্গলবার ভোরে দুর্বৃত্তরা আপেলকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। পরে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়।
তিনি জানান, লক্ষ্মীপুর মোড়ে ওষুধের দোকানের দালালির সঙ্গে জড়িত ছিলেন আপেল মাহমুদ। তার বিরুদ্ধে রাজপাড়া থানায় ৫টি মামলা রয়েছে। এলাকায় বখাটে হিসেবে সে পরিচিত।
তার পরিবার দাবি করেছে, আরিফ নামের এক যুবকের সঙ্গে তার বিরোধ ছিল। সেই বিরোধ থেকে হত্যাকাণ্ড হতে পারে। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।
এদিকে, বাগমারা থানার (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ জানান, হামিরকুৎসা শাহপাড়া গ্রামের আলতাব মাহমুদ সোমবার বিকালে নিখোঁজ হন। হামিরকুৎসা বাজারে তার স্বর্ণের দোকান ছিল। মঙ্গলবার সকালে হামিরকুৎসা বাজারের পাশের একটি পুকুরে তার লাশ ভেসে উঠে। নিহতের গলাসহ শরীরে কাটা দাগ আছে। পুলিশ পুকুর থেকে লাশটি উদ্ধারের চেষ্টা শুরু করেছে। ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে।
আরও পড়ুন: চায়ের দোকানের কথা বলে আওয়ামী লীগ কার্যালয়!
/এসটি/