কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, নিখোঁজ আমিনুল এহসান ওরফে অপু বগুড়ার একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে পড়াশোনা করতেন। ২০১৫ সালের অক্টোবর মাসের ৪ তারিখে বগুড়া যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর তার সঙ্গে যোগাযোগবিচ্ছিন্ন হয়ে পড়ে পরিবার। স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজ করে অপুকে না পেয়ে তার বাবা গত বছরের ৬ অক্টোবর কালাই থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। ডায়েরির পর কালাই থানা পুলিশ বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠিয়ে তার অনুসন্ধানের চেষ্টা চালাচ্ছে।
অপুর বড় ভাই আশিকুর রহমান আশিক জানান, পড়ালেখার জন্য বগুড়ায় যাওয়ার পর থেকে আমিনুলকে খুঁজে পাওয়া যাচ্ছে না। বিষয়টি কালাই থানাকে অবহিত করে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
জয়পুরহাট পুলিশ সুপার মোল্যা নজরুল ইসলাম বলেন, জেলায় এ পর্যন্ত নিখোঁজের বিষয়ে কালাই থানায় একটি সাধারণ ডায়েরি রয়েছে। জেলায় কোনও পরিবার থেকে এরকম আরও নিখোঁজ রয়েছে কিনা, পুলিশ ও গোয়েন্দা বিভাগ গুরুত্বের সঙ্গে জেলাজুড়ে তা তদন্ত শুরু করেছে। এছাড়া জঙ্গিবাদ প্রতিরোধে জেলাজুড়ে সচেতনতামূলক সভা সমাবেশও অব্যাহত রয়েছে।
/এইচকে/
/আপ:এআর/
আরও পড়ুন: তিন জেলায় চার পুরোহিতকে হত্যার হুমকি