পুলিশ সূত্রে জানা গেছে, জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিমের ঠিকানায় জেএমবিরা হুমকি দিয়ে ডাকযোগে চিঠি পাঠায়। চিঠিতে প্রেরকের ঠিকানা দেওয়া হয়েছে মো. নুরনবী মণ্ডল, আরাফাত নগর, জয়পুরহাট। আর প্রাপকের ঠিকানায় দায়রা জজ মো. আব্দুর রহিমের ঠিকানা লেখা রয়েছে। তবে খামের ওপরে সিলমোহরটি অস্পষ্ট থাকায় বোঝা যায়নি কোথা থেকে চিঠিটি পোস্ট করা হয়েছে।
এ ফোর সাইজের সাদা কাগজে প্রথমে আল্লাহু আকবর লিখে চিঠি শুরু করা হয়েছে। চিঠিতে বিচারককে অযোগ্য উল্লেখ করে জয়পুরহাট জেলখানায় থাকা ৩০-৩৫ জন জেএমবি সদস্যকে জামিন দিয়ে অন্যত্র বদলি হয়ে বিচারককে চলে যেতে বলা হয়। তা না হলে আগামী ২০ থেকে ২৪ জুলাইয়ের ভেতর আদালত ভবন বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
ঢাকার গুলশানে দলের ৬ জন সদস্য মারা যাওয়ায় তাদের মেজাজ খারাপ আছে জানিয়ে বিচারক মেরে তার প্রতিশোধ নেওয়ার কথা জানানো হয় ওই চিঠিতে। বলা হয়, র্যা ব-পুলিশ-বিজিবি কিছুই করতে পারবে না। একযোগে হামলা করা হবে।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন জানান, গত ১৪ তারিখ চিঠি পেয়ে ওইদিনই জয়পুরহাট জেলা ও দায়রা জজ মো. আব্দুর রহিম জয়পুরহাট সদর থানায় জেলা জজ আদালত ও বিচারকদের নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ আদালত ভবন, বিচারকদের বাসাসহ শহরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে। হুমকির বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এতদিন জানানো হয়নি। যেকোনও ধরণের নাশকতা রোধে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
/এমও/