রাজশাহীতে শিবির নেতাকে গ্রেফতারের অভিযোগ, পুলিশের অস্বীকার

ইসলামী ছাত্র শিবিররাজশাহী মহানগর শিবির সভাপতি জসিম উদ্দিন সরকারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে মহানগর শিবির শাখা। কিন্তু রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।
তিনি জানান, সোমবার রাজশাহী মহানগরীর ওপারের পদ্মার চরের মাঝাড়দিয়াড় ও খিদিরপুর গ্রামে পুলিশ ও বিজিবি যৌথভাবে বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে দুইজন মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এবং একজন মাদক ব্যবসায়ী। আর বাকি দুজনকে সন্দেহমূলকভাবে আটক করা হয়েছে।
তবে সোমবার বিকালে মহানগর ছাত্রশিবির শাখার প্রচার সম্পাদক ফাহাদ করিমের বরাত দিয়ে সভাপতি জসিম উদ্দিন সরকারকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসান তারিক ও রাজশাহী মহানগর সেক্রেটারি মনিরুল ইসলাম।

তাদের পাঠানো ইমেইল বার্তায় আরও দাবি করা হয়, সভাপতি মুহাম্মদ জসিম উদ্দিন সরকারকে রাস্তা থেকে গ্রেফতার করে পায়ে গুলি করা হয়েছে। এছাড়াও সাদা পোশাকে এবং কোনও প্রকার পরোয়ানা ছাড়া কাউকে গ্রেফতারের বিষয়ে হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও তাকে গ্রেফতার করা হয়েছে। সেই সঙ্গে জসিম উদ্দিন সরকারকে অবিলম্বে আদালতে সোপর্দের অনুরোধও জানিয়েছেন তারা।

/এমও/