বগুড়ায় ৫ তলা থেকে লাফিয়ে পরে অগ্নিদগ্ধ নারীর আত্মহত্যা

বগুড়া

বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালের পঞ্চমতলার বার্ণ ইউনিটের কেবিনের বারান্দা থেকে লাফিয়ে পরে জেসমিন আকতার খান (৫৫) নামে এক নারী আত্মহত্যা করেছেন। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে। মঙ্গলবার ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ। এ ব্যাপরে সদর থানায় ইউডি মামলা হয়েছে। তবে নিহতের স্বজনদের দাবি, যৌতুকের টাকা না পেয়ে স্বামী তাকে হত্যা করেছেন।

পুলিশ ও স্বজনরা জানায়, জেসমিন আকতার খান বগুড়া শহরের জহুরুলনগর এলাকার মৃত আবদুল খালেক খানের মেয়ে। দুই বছর আগে নিঃসন্তান অবস্থায় বিধবা হন তিনি। এরপর বগুড়া শহরের সুলতানগঞ্জপাড়া গোয়ালগাড়ির নুরুল ইসলাম নুরুকে বিয়ে করেন। বিয়ের পর জেসমিন তার সতীনের দুই সন্তানকে লালন-পালনের দায়িত্ব নেন।

মঙ্গলবার সন্ধ্যায় ভিকটিমের বোন নাজনীন আকতার খান অভিযোগ করে বলেন, ঢাকার বাড়ি, অন্যান্য সম্পত্তি ও টাকার জন্য নুরু তার বোনকে মানসিক ও শারীরিক নির্যাতন করে আসছিলেন। নির্যাতন সহ্য করতে না পেরে তার বোন মাঝে মাঝে ঢাকায় তার (বোন) বাড়িতে চলে যেতেন। একাধিকবার ডিভোর্স লেটারও দিয়েছিলেন। মনের দুঃখে ঘুমের বড়ি ও হারপিক পান করে আত্মহত্যার চেষ্টাও করেছেন। নুরু আবার অনুরোধ করে তাকে ফিরিয়ে আনতেন। গত ১৯ জুলাই জেসমিন রাগ করে বগুড়া শহরের জহুরুলনগরে বাপের বাড়িতে যান। পরে সেখানে স্বামী নুরুও যান। ঘরে রহস্যজনক অগ্নিকান্ডে জেসমিন দগ্ধ হন। ফায়ার সার্ভিসের লোকজন এসে তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করে। পরে স্বামী নুরু হাসপাতালের জরুরি বিভাগ থেকে পঞ্চম তলার বার্ণ ইউনিটের ১ নম্বর কেবিনে স্থানান্তর করেন।

নাজনীন আকতার খান জানান, জেসমিন তাকে বলেছিলেন ওই দিন নুরু তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করার পর হত্যার জন্য ঘরে আগুন দিয়ে চলে যায়। তার বিশ্বাস সম্পত্তি ও টাকা না পেয়ে গত সোমবার সন্ধ্যায় নুরুই তার বোনকে ফেলে দিয়ে হত্যা করেছে।

অপরদিকে নুরুল ইসলাম নুরু অভিযোগটি অস্বীকার করে বলেন, সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য বোনদের নির্যাতন সহ্য করতে না পেরে জেসমিন আত্মহত্যার করেছে।

বগুড়া ছিলিমপুর ফাঁড়ির ইনচার্জ টিএসআই শাহ আলম জানান, হাসপাতালে সোহানা নামে এক নারী ভিকটিমকে দেখাশোনা করতেন। গত সোমবার সন্ধ্যা ৭টার দিকে সোহানা কোন ওষুধ খাওয়াতে হবে তা জানতে নার্সের কাছে যান। এ সময় জেসমিন কেবিনের সামনের দরজা বন্ধ করে পিছনে দরজা খুলে বারান্দায় গিয়ে লাফিয়ে পরেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ব্যাপারে সদর থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: বন্যার্তদের ত্রাণ নিশ্চিত করার চেষ্টা অব্যাহত রয়েছে: ফারুক খান