নাটোরে ভাইসহ সাবেক ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা

নাটোরনাটোরে সাবেক ইউপি মেম্বার মোজাফ্ফর হোসেন মোজাই (৪৮) ও তার বড় ভাই হাসেনকে (৫০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এসময় তার আরেক ভাই মহসিনকে (৩৫) কুপিয়ে জখম করা হয়েছে। বৃহস্পতিবার আনুমানিক রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিহতরা নাটোরের সিংড়া উপজেলার ডাহিয়া ইউনিয়নের বড়গ্রামের আব্দুস সোবহানের ছেলে।  
আহত মহসিন জানান, রাত আনুমানিক দেড়টার দিকে ৮-১০ জনের একদল দুর্বৃত্ত তাদের ঘরের দরজায় কড়া নাড়ে। পরে মোজাফ্ফর দরজা খুললে দুর্বৃত্তরা তাকে অতর্কিতভাবে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় তার দুই ভাই এগিয়ে আসলে তাদের ওপরেও হামলা চালানো হয়। পরে দুর্বৃত্তরা মোজাফ্ফরকে বাড়ির উঠানে গলা কেটে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। এসময় স্থানীয়রা দুর্বৃত্তদের দিকে এগিয়ে আসলে তারা দুই-তিন রাউন্ড ফাঁকা গুলি করে ঘটনাস্থল ত্যাগ করে।

মহসিন আরও জানান, তিনি ও তার ভাই হাসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে হাসেনের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ নেওয়ার পথে সে মারা যায়।  

ওসি নাছির উদ্দিন মণ্ডল জানান, মোজাফ্ফরের লাশ উদ্ধার করা হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন: ফেনীতে পিস স্কুলের সাইনবোর্ড উধাও!
/এআর/