পাবনায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১৫

পাবনা

 পাবনা সদর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত   হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন মালিথা জানান, প্রতাপপুর গ্রামের দুই চাচাতো ভাই শান্ত মালিথা ও রান্নু মালিথার মধ্যে পারিবারিক বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এরই জের ধরে মঙ্গলবার সকালে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায় দুই পক্ষ লাঠি ও বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয়পক্ষের ৭ জন গুলিবিদ্ধসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ১৩ জনের নাম জানা গেছে। তারা হলেন-দেলোয়ার, গাফফার, অনিক, আরজু, রোজিনা, মান্নান, রেজা, রাজ্জাক, সুমন, রান্নু, ডলি, কল্পনা, সাহারা।

পাবনা সদর থানার ওসি আব্দুল্লাহ আল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। এখনো কোনও পক্ষ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/জেবি/

আরও পড়তে পারেন : চুয়াডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় বৃদ্ধার মৃত্যু