রাজশাহীতে গৃহবধূ নির্যাতনের ঘটনায় শ্বশুর-শাশুড়িসহ চারজন কারাগারে

স্বামীর নির্যাতনের শিকার গৃহবধূ রিফাহ তাসফিয়ারাজশাহী মহানগরীর ডিঙ্গাডোবায় স্বামীর নির্মম নির্যাতনের শিকার গৃহবধূ রিফাহ তাসফিয়ার শ্বশুর-শাশুড়ি ও দুই ভাসুরের জামিন বাতিল করে তাদের কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার বেলা ৩টার দিকে রাজশাহীর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারক জুলফিকার উল্লাহ এ আদেশ দেন।

মামলার প্রধান আসামি তাসফিয়ার স্বামী শামিউল হক সোয়াদ ওরফে সোহাগ (২৬) মামলা দায়েরের পর থেকেই কারাগারে আছেন। তবে তাসফিয়ার শ্বশুর ফজলুল হক (৫৬), শাশুড়ি জাহানারা বেগম সুজি (৫০) এবং ভাসুর ফয়সাল (৩০) ও সজীব (২৮) মামলা দায়েরের পর আদালত থেকে জামিন নিয়েছিলেন।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে আসামিরা আদালতে হাজিরা দিতে গেলে বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মুন্না সাহা তাদের জামিন বাতিলের আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী মোজাম্মেল হক এর বিরোধীতা করলেও আদালত তাদের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা রাজপাড়া থানার উপ পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান জানান, নগরীর ভাটাপাড়া এলাকার আবদুস সালামের মেয়ে রিফাহ তাসফিয়া (২২) দুই বছর আগে সোহাগকে ভালোবেসে বিয়ে করেন। বিয়ের পর তাদের একটি মেয়ে সন্তানও হয়। গত ১১ জুলাই ৫০ হাজার টাকা যৌতুকের দাবিতে লাঠি, লোহার রড ও পাইপ দিয়ে নির্মমভাবে পিটিয়ে তাসফিয়াকে গুরুতর আহত করেন তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজন। এতে তাসফিয়ার দুই হাত ও এক পা ভেঙে যায়। ফেটে যায় বুকের ও পাঁজরের দুটি হাড়। এ ঘটনায় তাসফিয়ার মা বাদী হয়ে ওই পাঁচজনকে আসামি করে রাজপাড়া থানায় একটি মামলা করেন।

উল্লেখ্য গত ১১ জুলাই নির্যাতনের শিকার তাসফিয়া ২৪ জুলাই পর্যন্ত রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস (ওসিসি) সেন্টারে চিকিৎসাধীন ছিলেন। আদালতের তলবে ২৪ জুলাই তাকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সে করে আদালতে নিয়ে যাওয়া হয়। এরপর তিনি রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আসগারের কাছে স্বামীর অমানুষিক নির্যাতনের ঘটনায় জবানবন্দী দেন।

আরও পড়ুন:

চাঁদপুরের অলিউল্লাহ হত্যা মামলায় ৬ জনের ফাঁসি

স্কুলছাত্র হত্যা মামলায় ৬ জনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন

/বিটি/