সৌদি আরবে নিহত ৪ শ্রমিকের বাড়িতে শোকের মাতম

Natore Pic 11-08-16

সৌদি আরবের হারাজ বিন কাশেম মানফুহা এলাকায় সোফা তৈরির কারখানায় আগুনে পুড়ে নিহত নাটোরের চার শ্রমিকের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতরা সবাই জেলার নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

উপজেলার খাজুরা শ্রীপুরপাড়া গ্রামের সৈয়দ আলীর  ছেলে শামিউল ইসলাম ওরফে সাদ্দাম হোসেন, খাজুরা জর্নাদ্দনবাটি গ্রামের গফুর মোল্লার ছেলে জামাল হোসেন মোল্লা, আজের আলীর ছেলে অসীম ও খাজুরা ভাটোপাড়া গ্রামের সেকেন্দার আলীর ছেলে আমিরুল ইসলামের পরিবারে এখন চলছে শুধুই হাহাকার। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তারা বাকরুদ্ধ। নিহতের আত্মীয়রা জানান, তারা বুধবার রাত সাড়ে দশটার দিকে খবরটি জেনেছেন।

বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে সৌদির মানফুহা এলাকায় সোফা কারখানাটিতে কাজ করার সময় এয়ারকুলার থেকে বৈদ্যুতিক শটসার্কিট হয়ে চারদিকে আগুন ছড়িয়ে পরে। এসময় তারা অগ্নিদগ্ধ হয়ে মারা যান।

মৃত অসীমের বাবা আজের আলী জানান, তার উপার্জনক্ষম ছেলেটিকে হারিয়ে পরিবারের সবাই ভেঙে পড়েছে। অন্যদের শান্তনা দিয়ে রাখা যাচ্ছেনা।

 খাজুরিয়া গ্রামের অধিবাসী বকুল মাস্টার জানান, চারজনের মৃত্যুর খবর পৌঁছানোর পর খাজুরিয়া এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

খাজুরা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান জানান, রাত ১০টার সময় নিহতদের পরিবার তাকে এ খবর জানায়।

/জেবি/

আরও পড়তে পারেন : নারায়ণগঞ্জে হেফাজতের জঙ্গিবিরোধী মহাসমাবেশ শুক্রবার