যে দলই করেন বঙ্গবন্ধুর কথা শুনতে হবে: ইউজিসি চেয়ারম্যান

যে দলই করেন না কেন আপনাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা শুনতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ড. আব্দুল মান্নান। শনিবার বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত ‘বঙ্গবন্ধু: স্বাধীন বাংলাদেশ ও উন্নয়ন’ শীর্ষক সভায় তিনি এ কথা বলেন।

রাবিতে শোকসভায় ইউজিসির চেয়ারম্যানরাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আয়োজিত সভায় ইউজিসি চেয়ারম্যান বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করতে হবে। কেননা বাংলাদেশের জন্ম হয়েছে বলেই আপনি দল করতে পারছেন। আর বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশের কথা চিন্তা করা যায় না।’

বঙ্গবন্ধু বাঙালির অর্থনৈতিক, রাজনৈতিক ও সাম্প্রদায়িক মুক্তির স্বপ্ন দেখেছিলেন উল্লেখ করে ড. আব্দুল মান্নান বলেন, ‘বঙ্গবন্ধুই ছিলেন বাংলাদেশ। তার কথায় সাড়ে সাত কোটি মানুষ আন্দোলনে নেমেছিল, জীবন দিয়েছিল। তাই যতদিন লাল-সবুজের পতাকা থাকবে ততদিন বঙ্গবন্ধুর কথা বলার মানুষ থাকবে। তার আদর্শ বেঁচে থাকবে।’

বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মো. শহীদুল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল খালেক, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক মু. এন্তাজুল হক, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সনৎ কুমার সাহা প্রমুখ।

/এমও/