বৃহস্পতিবার ভোরে শহরের কাটনারপাড়া করোনেশন ইনস্টিটিউট ও কলেজের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে বন্দুকের এক রাউন্ড কার্তুজ, দুটি খোসা ও দুটি ছুড়ি উদ্ধার করে।
গ্রেফতারকৃতরা হলেন, চকসুত্রাপুর কসাইপাড়ার তপন (৩০), লিটন (৩২) ও স্বপন (২৬)। এদের মধ্যে তপন ও লিটন পায়ে গুলিবিদ্ধ হয়েছে।
বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান সাগর জানান, কাহালু উপজেলার পিরাপাঠ গ্রামের আবদুল জলিল (৪০) ১৪ জুলাই ভোরে শহরের কাটনারপাড়া করোনেশন ইনস্টিটিউট ও কলেজের সামনে ছিনতাইকারীদের কবলে পড়েন। ছিনতাইকারীরা তাকে হত্যা করে নগদ টাকা, কোরবানির গোশত ও মোবাইল ফোন নিয়ে যায়। এ ঘটনায় সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
তিনি আরও জানান, বৃহস্পতিবার ভোর পৌনে ৪টার দিকে ৪ থেকে ৫ জন ছিনতাইকারী ওই স্থানে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে পৌছালে ছিনতাইকারীরা গুলি ছোড়ে। জবাবে পুলিশও গুলি ছোড়ে। এতে তপন ও লিটন পায়ে গুলিবিদ্ধ হন। এসময় পুলিশ সঙ্গে থাকা অন্য সঙ্গীরা পালিয়ে গেলেও স্বপনকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া তাদের কাছ থেকে নিহত রিকশা চালকের মোবাইল ফোন উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা রিকশা চালক জলিলকে হত্যার কথা স্বীকার করেছে। এদের ওই হত্যা মামলায় আসামি করা হবে বলেও জানিয়েছেন এএসপি গাজিউর রহমান।
/এমডিপি/