চাল ওজনে কম দেওয়ায় স্বেছাসেবক লীগ নেতাকে জরিমানা

ভ্রাম্যমাণ আদালতবগুড়ার শাজাহানপুরে দরিদ্রদের জন্য ১০ টাকা কেজি দরের চাল ওজনে কম দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালত ডিলার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রুবেল সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন। শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ এলাকায় এ ঘটনার পর ক্ষমতাসীন দলের প্রভাবশালী দলের নেতাকর্মীরা তদবির শুরু করেন বলেও জানা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস এবং ডিলার সূত্রে জানা যায়, হত দরিদ্রদের জন্য কার্ডের মাধ্যমে ৩০কেজি করে চাল বরাদ্দ রয়েছে। প্রতিকেজি চালের দাম ধরা হয়েছে ১০টাকা করে। উপজেলার ৯টি ইউনিয়নে ১৮জন ডিলারের মাধ্যমে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক ডিলারের জন্য গড়ে ৫০০ করে কার্ড রয়েছে। শুক্রবার ওই চাল বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিউল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, মাঝিড়া ইউনিয়নের ডিলার রুবেল সরকার ওজনে চুরি করে চাল কম দেওয়ার সংবাদ পেয়ে দুপুরে সেখানে যান। প্রতি ৩০ কেজিতে ২ থেকে ৪ কেজি পর্যন্ত কম দেওয়ার সত্যতা পেয়ে ডিলারকে গ্রেফতার করান। জুমার নামাজের পরে ভ্রাম্যমাণ আদালতে তার ১০হাজার টাকা জরিমানা আদায় করেন। তিনি আরও জানান, এ অপরাধের শাস্তি আরও কঠিন আছে। প্রথমবার তাই একটু ছাড় দেওয়া হয়েছে। পরে এমন অনিয়ম পাওয়া গেলে ক্ষমা নেই।

এদিকে স্বেচ্ছাসেবক লীগ নেতা ডিলার রুবেল সরকারকে গ্রেফতারের পর তাকে সাজা থেকে বাঁচাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে তদবির করতে আসেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন। তাকে জেল না দিয়ে জরিমানা করতে অনুরোধ জানান।

/এইচকে/

পড়ুন: শিক্ষক শিক্ষার্থীদের মরণফাঁদ খুলনা সরকারি ল্যাবরেটরি স্কুল