প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে নাটোরে যুবক জেলে

নাটোরপ্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর পুত্র সজিব ওয়াজেদ জয় ও শেখ কামালকে নিয়ে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে রুহুল আমিন (২৫) নামের এক যুবককে  গ্রেফতার করেছে পুলিশ।
নাটোর সদর থানার ওসি (তদন্ত) নজরুল ইসলাম জুয়েল বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
রুহুল আমিন সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া গ্রামের ওমর আলীর ছেলে। এঘটনায় তথ্য ও প্রযুক্তি আইন ২০০৬ এর ৫৭ ধারায় নাটোর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার দুপুরে হয়বতপুর বাজার থেকে তাকে গ্রেফতারের পর বিকেলে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
ওসি (তদন্ত) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মিঠুন চক্রবর্তী জানান, প্রধান মন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সজিব ওয়াজেদ জয় ও শেখ কামালকে নিয়ে গত ২৩ মার্চ ফেসবুকে আপত্তিকর মন্তব্য করে পোস্ট দেয় রুহুল আমীন।

এছাড়া একটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত ‘সরকারবিরোধী’ একটি সংবাদ শেয়ারও করেন তিনি। শুক্রবার দুপুরে এলাকার লোকজন ফেসবুকে বিষয়টি দেখতে পেয়ে রুহুল আমীনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

পরে স্থানীয় আওয়ামী লীগ সমর্থিত কেরামত আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা দায়ের করেন।

মামলায় রুহুল আমীনকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

/এইচকে/

পড়ুন: গ্রাম্য সালিশে বেত্রাঘাতে ২৩ শিক্ষার্থী আহত, আটক ৩