চাঁপাইনবাবগঞ্জে দুই জেএমবির ১৪ বছর করে কারাদণ্ড

আইন-আদালতচাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় দুই জেএমবি সদস্যের ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। শনিবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ  মো. জিয়াউর রহমান এ আদেশ দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন গোমস্তাপুর থানার কালাইদিয়াড় গ্রামের আব্দুল মোমিন (২৪) ও ভোলাহাট থানার মুশরীভুজা সোনারপাড়ার গ্রামের রবিউল ইসলাম (২১)।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ থানা পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মো. আব্দুল মোমিনকে (২৪) গুলি ও জিহাদি বইসহ আটক  করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৭ জুন রবিউল ইসলামকে তার ঘর থেকে ১টি সুটারগান, ৩ রাউন্ড গুলি, ৪টি পাইপ ও গুলি তৈরির সরঞ্জামসহ আটক করে পুলিশ। এ ঘটনায় ওইদিনই ভোলাহাট থানায় পুলিশ অস্ত্র আইনে মামলা করে।

সাক্ষ্য প্রমাণাদি শেষে চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক মো. জিয়াউর রহমান দুজনকেই ১৪ বছর করে সশ্রম কারাদণ্ড দেন।

সরকারিপক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট যোব্দুল হক ও অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা। আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোল্লা হাসান শরিফ।

আরও পড়ুন:
গারদখানায় নূর হোসেনের সঙ্গে আসামির হাতাহাতি

/বিটি/