উদ্বোধনের ৯দিনের মাথায় ফের বন্ধ নাটোর নর্থ বেঙ্গল সুগার মিল!

নর্থ বেঙ্গল সুগার মিলআখ মাড়াই মৌসুম উদ্বোধনের মাত্র ৯ দিনের মাথায় আখ সংকটের কারণে বন্ধ হয়ে গেছে নাটোরের নর্থবেঙ্গল সুগার মিল। শনিবার দুপুরের পর পর্যাপ্ত আখের অভাবে সুগার মিলটির আখ মাড়াই বন্ধ হয়ে যায়।

জানা যায়, পূর্জি ব্যবস্থাপনায়  ই-গেজেট ও আখের মূল্য পরিশোধে মোবাইল ব্যাংকিং প্রথা বাতিল, আখের মূল্য বৃদ্ধি এবং যন্ত্রচালিত মাড়াই কলে আখ মাড়াই করতে দেওয়ার দাবিতে উত্তর বঙ্গ চিনিকল আখচাষি সমিতির ডাকে চিনিকল এলাকার আখচাষিরা শনিবার সকাল থেকে সুগার মিলে আখ সরবরাহ বন্ধ রাখে। একারণেই আখ সংকট তৈরি হয়। তবে মিল কর্তৃপক্ষ জানান, এব্যাপারে স্থানীয় আখ চাষীদের সঙ্গে আলোচনা চলছে। দ্রতই সমস্যার সমাধান হবে।

মিল কর্তৃপক্ষ জানায়, ২ লাখ ৫০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ২০ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্য নিয়ে গত ২৮ অক্টোবর শুক্রবার আখ মাড়াই মৌসুম শুরু করে মিলটি। কিন্তু প্রয়োজনীয় আখ না পাওয়ায় শনিবার দুপুরে মিলের আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়।

নর্থ বেঙ্গল সুগার মিল আখচাষি সমিতির সভাপতি ইব্রাহীম খলিল জানান, মিলে আখের যে মূল্য দেওয়া হচ্ছে তা তাদের খরচের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এছাড়া তারা ক্রাশারে সীমিত সময়ের জন্য আখমাড়াইয়ের আনুমতি চান তারা। কেননা মিলে আখ দিতে দেরি হলে চাষীরা ক্রাশারে আখ বিক্রি করে তাৎক্ষণিক টাকা পান। এছাড়া আগে যে পদ্ধতিতে মিলে আখ সরবরাহ করা হতো, তাতে প্রয়োজনে একজনের পূর্জি নিয়ে অন্যজন মিলে আখ দিতে পারত। বর্তমানে ই-গেজেট চালু হওয়ায় তা আর করা যাচ্ছে না। যাদের বেশি আখ আছে তারা দ্রুত পূর্জি পাচ্ছেন অথচ যাদের কম আখ রয়েছে তারা পরে পূর্জি পাচ্ছেন। এতে প্রান্তিক কৃষকদের সমস্যা হচ্ছে।

ইব্রাহীম খলিল আরও জানান, একইসঙ্গে আগের নিয়মে কৃষকরা আখ সরবরাহ করে বিল পেত যা তারা যে কোনও মানুষের কাছে জমা রেখে টাকা তুলতে পারত। বর্তমানে মোবাইল ব্যাংকিং প্রথা চালু হওয়ায় তাদের সমস্যা হচ্ছে। কেননা সব কৃষক মোবাইল চালাতে পারে না, আবার মোবাইলের টাকা তুলতে বেশি টাকা ট্যাক্স দিতে হয়। এমতাবস্থায় তারা ই-গেজেট ও মোবাইল ব্যাংকিং প্রথা বাতিল চান। পাশাপাশি সীমিত সময়ের জন্য হলেও ক্রাশার চালু রাখার অনুমতিসহ আখের দর বৃদ্ধি চান। নইলে তারা মিলে আখ সরবরাহ বন্ধ রাখবেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক এসএম আব্দুল আজিজ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘স্থানীয় আখ চাষিরা মিল গেটে আখ সরবরাহ বন্ধ করেছে। তবে মিল এলাকায় ৩০টি আখ ক্রয়কেন্দ্রে আখ সরবরাহ স্বাভাবিক রয়েছে। আখচাষিদের সঙ্গে আলোচনা চলছে। আশাকরি শিগগিরই চিনিকলে আখ মাড়াই শুরু করা সম্ভব হবে।’

আরও পড়ুন- 


ইসি পুনর্গঠন ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি খালেদার

/এফএস/