বগুড়ায় মাদকাসক্ত ভাইয়ের হাতে বড় ভাই খুন

বগুড়াবগুড়ার নন্দীগ্রামে মাদক সেবনে নিষেধ করায় আবদুল হাকিম নামে এক যুবকের ছুরিকঘাতে বড় ভাই মোফাজ্জল হোসেন (৫০) খুন হয়েছেন। শনিবার ভোরে উপজেলার হাজারকি বেগুনীপাড়া গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।
পরে পুলিশ নাটোরের সিংড়া উপজেলার বেওলা গ্রাম থেকে ঘাতক ছোটভাইকে ছুরিসহ গ্রেফতার করেছে। দুপুরে এ খবর পাঠানোর সময় নিহতের ছেলে ফারুক হোসেন থানায় চাচার বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, নন্দীগ্রাম উপজেলার হাজারকি বেগুনীপাড়া গ্রামের মৃত আবদুল জোব্বারের ছেলে আবদুল হাকিম দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। গত শুক্রবার রাত ৩টার দিকে হাকিম নেশা করে বাড়িতে আসে। ডাক দেওয়ার পরও দরজা খুলতে দেরি হওয়ায় সে দরজায় লাথি দেয় ও পরিবারের সদস্যদের গালিগালাজ করতে থাকে। এসময় বড় ভাই মোফাজ্জল হোসেন দরজা খুলে দিলে হাকিম তার বুকের বাম পাশে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই মোফাজ্জলের মৃত্যু হয়। খবর পেয়ে শনিবার সকালে নন্দীগ্রাম থানা পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক জানান, মাদক সেবনে নিষেধ ও শাসন করায় ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছোট ভাই হাকিমের ছুরিকাঘাতে মোফাজ্জল হোসেন খুন হয়েছেন। লাশ মর্গে ও ঘাতককে ছুরিসহ গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এমও/