শনিবার গভীর রাতে কর্ণিপাড়া ঘোনকালাই এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থল থেকে কয়েকটি চাপাতি, ছুরি ও ড্যাগার ও ৬টি গুলির খোসা উদ্ধার করা হয়।
আহত দুই কনস্টেবল হলেন, আবু বকর ও তৌহিদুল ইসলাম। গ্রেফতারকৃত ডাকাতরা হলেন, কাহালু উপজেলার পিলকুঞ্জ গ্রামের আবদুল আলিম (২৬) ও শিবগঞ্জ উপজেলার শিয়ালী দক্ষিণপাড়ার ফুলবর রনি (৩৮)।
বগুড়ার সিনিয়র এএসপি (মিডিয়া) গাজিউর রহমান সাগর জানান, শনিবার রাত আড়াইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ঘোনকালাই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এসময় কাহালু থানা পুলিশের একটি টহল দল ওই এলাকা দিয়ে যাওয়ার সময় ডাকাতরা তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা জবাবে গুলি ছোড়ে। এক পর্যায়ে গোলাগুলির শব্দে আশপাশের লোকজন এগিয়ে এলে ডাকাতরা পালিয়ে যায়। এরপর ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাত আবদুল আলিম ও ফুলবর রনিকে গ্রেফতার করা হয়।
কাহালু থানার ওসি নুর এ আলম সিদ্দিকী জানান, পুলিশ বন্দুকযুদ্ধের সময় শর্টগান দিয়ে ১২ রাউন্ড গুলি ছোড়ে। তিনি আরও জানান, ডাকাত দলের সদস্যরা বগুড়াসহ আশপাশের জেলায় সিএনজি অটোরিকশা, ট্রাক, পিকআপ ও মোটরসাইকেলে ছিনতাই ও ডাকাতি করতো। এ ব্যাপারে কাহালু থানার এসআই মতিয়ার রহমান বাদি হয়ে অস্ত্র আইন ও ডাকাতির প্রস্তুতির মামলা করেছেন।
/এমডিপি/