বগুড়া শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির চেষ্টার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শহরের খান্দার এলাকায় অ্যানজেল ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। বুধবার বিকালে এ খবর পাঠানোর সময় সদর থানা পুলিশ তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল।
আটককৃতরা হলেন- বগুড়ার শিবগঞ্জের মোকামতলা এলাকার আবদুল হান্নানের ছেলে হাসান মুহাম্মদ (৩০) ও গোপালগঞ্জের মোকছেদপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে এইচএম তারেক (৪৫)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সন্ধ্যার দিকে ওই দুই ব্যক্তি শহরের খান্দার এলাকায় অ্যানজেল ডায়াগনস্টিক সেন্টারে যান। তারেক নিজেকে দৈনিক সময়ের সংবাদ পত্রিকার বিশেষ প্রতিনিধি ও হাসান বগুড়া জেলা প্রতিনিধি দাবি করেন। তারা প্রশাসনের অনুমতির অজুহাতে ওই প্রতিষ্ঠানের কাগজপত্র ও মালিকের সঙ্গে দেখা করতে চান। ওই প্রতিষ্ঠানের ব্যাবস্থাপক রফিকুল ইসলাম অভিযোগ করেন, তারেক ও হাসান কৌশলে অর্থিক সুবিধা আদায়ের চেষ্টা করছিল। তাদের আচরণ সন্দেহ হলে স্থানীয় সাংবাদিকদের বিষয়টি জানানো হয়। পরে ওই দুজনকে আটক করে সদর থানা পুলিশে দেওয়া হয়।
এর আগে গ্রেফতারকৃতরা শহরের মা ক্লিনিকের কাগজপত্র দেখতে গিয়েছিল। সদর থানার ওসি এমদাদ হোসেন জানান, কথিত সাংবাদিক তারেক ও হাসানকে গ্রেফতার করা হয়েছে। তাদের ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হবে।
/এআর/