শেখ রাসেল স্মৃতি সংসদের নামে বগুড়ায় খাস জমি দখলের অভিযোগ

কোসাইপাড়ায় শেখ রাসেলে স্মৃতি সংসদের সাইনবোর্ড টাঙানো হয়েছে

বগুড়ার শেরপুরের ফুলবাড়ি কসাইপাড়া এলাকায় স্থানীয় প্রভাবশালীরা শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড লাগিয়ে ৪ শতক খাস জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। ওই জমিতে বসবাসকারী এক ভূমিহীন বিধবাকে উচ্ছেদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ পাওয়া যায়। এদিকে এলাকাবাসীর এসব অভিযোগ অস্বীকার করেছেন শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ফিরুজুল ইসলাম।

শেরপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ফিরুজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, ফুলবাড়ি কসাইপাড়া গ্রামে কোনও খাস জমি দখলের অভিযোগ পাওয়া যায়নি। কেউ অভিযোগ করলে বা খোঁজ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এলাকাবাসীর অভিযোগ, শেরপুর উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ির কসাইপাড়া এলাকার জনৈক প্রভাবশালী জুয়েল, গোলাম, মোসলেম ও বাদশাসহ কয়েকজন ২৮৮ নম্বর দাগের ৪ শতক খাস জমিতে খুঁটি বসিয়ে শেখ রাসেল স্মৃতি সংসদের সাইনবোর্ড লাগিয়ে দেন। এরপর সেখানে মাটি ভরাট করতে থাকেন।

মাটি ভরাট কাজে নিয়োজিত শ্রমিকরা জানান, তারা মাটি কেটে নিচু জায়গা ভরাট করছেন। এখানে শেখ রাসেল স্মৃতি সংসদের ক্লাব ঘর নির্মাণ করা হবে।

এ দখলের ব্যাপারে জুয়েল ও অন্যরা কোনও মন্তব্য করতে রাজি হননি। তারা ওই খাস জমিতে বসবাসকারী বিধবা রোকেয়া বেগমকে হুমকি দিচ্ছে বলে বিধবা স্বয়ং বাংলা ট্রিবিউনকে জানান।

রোকেয়া বেগম জানান, তার কোনও জমি নেই। অনেকদিন ধরে খাস ওই জমিতে পরিবার নিয়ে বসবাস করেন। এখন জায়গাটি দখল হয়ে যাচ্ছে, তাই তাকে রাস্তায় আশ্রয় নিতে হবে।

/এইচকে/