বিএনপির দেড়শ নেতাকর্মীর বিরুদ্ধে জয়পুরহাটে মামলা, গ্রেফতার ২

জয়পুরহাটজয়পুরহাটে বিএনপির বিক্ষোভ মিছিলে বাঁধা দেওয়ার সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ধস্তাধস্তি ও বেআইনি সমাবেশ করার অভিযোগে মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার জয়পুরহাটে বিএনপির শীর্ষ স্থানীয় ২২নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত দেড়শ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করা হয়।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

এ ঘটনায় আজ ভোরে জয়পুরহাট পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও পৌর কাউন্সিলর মুশফিকুল আলম বুলু ও জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেনকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে পুলিশ।

জয়পুরহাট থানার এস আই আব্দুল খালেক বাদী হয়ে এ মামলাটি করেন। এ মামলায় জয়পুরহাট জেলা  বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান, সহ-সভাপতি ও  সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক ও জয়পুরহাট সদর  উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমানসহ বিএনপির  শীর্ষ স্থানীয় নেতাকর্মীদের  আসামি করা হয়েছে।

মামলায়  বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়া, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দলবদ্ধ হয়ে বেআইনিভাবে বল প্রয়োগ ও সরকারি কর্মচারীদের কর্তব্য পালনে বাধা, স্বেচ্ছাগতভাবে আঘাত দান, আক্রমন ও অপরাধমূলক বল প্রয়োগের অভিযোগ করা হয়েছে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল ১১টায় ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন  উপলক্ষে কেন্দ্রী কর্মসূচির অংশ হিসেবে শহরের রেলগেট এলাকায় নেতাকর্মীরা মিছিল বের করলে এ ধস্তাধস্তির  ঘটনা ঘটে।   

/এমডিপি/