জয়পুরহাটে জমি নিয়ে সংঘর্ষ, নিহত ১

জয়পুরহাটজয়পুরহাট সদর উপজেলার ফরিদপুর গ্রামে গাছ কাটতে বাধা দেওয়ায় প্রতিপক্ষের হামলায় জয়নাল আবেদীন (৬৫) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন। তাদেরকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) বিকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হওয়ার পর চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। জয়নাল আবেদীন ফরিদপুর গ্রামের মৃত ছালামত আলীর ছেলে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদপুর গ্রামের জয়নাল আবেদীনের জমিতে লাগানো গাছ মঙ্গলবার বিকালে প্রতিবেশী মতিউর রহমান ও আনিছুর রহমানসহ কয়েকজন জোড়পূর্বক কাটতে যায়। এ সময় গাছ কাটতে বাধা দিলে মতিউর রহমানসহ তাদের সহযোগীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হামলা চালালে জয়নাল আবেদীনসহ চার জন আহত হয়। আহতদের জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে জয়নাল আবেদীনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাতেই বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে তার মৃত্যু হয়।

আহতরা হলেন- একই গ্রামের মৃত আব্দুর রউফ এর ছেলে হারুন ও তরুণ এবং মৃত ছালামত আলীর ছেলে সিরাজুল ইসলাম।

গ্রেফতারকৃতরা হলেন- একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে শাহাদত ও বকুল, আব্দুল মতিনের ছেলে শহিদুল ইসলাম এবং মাহফুজুর রহমানের ছেলে শাহাজাহান আলী।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, এই ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এআর/