জঙ্গিদের এ দেশে কোনও স্থান নেই: পানিসম্পদমন্ত্রী

Water-Minister-Speech-Pic-16-04-17পানিসম্পদমন্ত্রী মো. আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, ‘জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদকে সমূলে উৎপাটন করতে হবে। এ দেশে জঙ্গি ও সন্ত্রাসবাদের কোন ওস্থান নেই। পহেলা বৈশাখে দেশে কিছু একটা ঘটবে বলে অনেকেই মনে করেছিলেন। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থানের কারণে কোনও অঘটন ঘটেনি।’
রবিবার (১৬ এপ্রিল) বিকালে বারঘরিয়া নন্দন পার্কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ সব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, ‘বর্তমান জোট সরকার দেশের উন্নয়নে ব্যাপক পরিবর্তন এনেছে যা আগামীতেও অব্যাহত থাকবে।’
মন্ত্রী চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর তীর সংরক্ষণ, মহানন্দা নদীতে রাবার ড্যাম নির্মাণসহ নদী খননের আশ্বাস দিয়ে বলেন, ‘আগামী ২ বছরের মধ্যে প্রায় সাড়ে ৪শ’ কোটি টাকা ব্যয়ে এইসব প্রকল্প বাস্তবায়ন করা হবে।’
এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পানিসম্পদপ্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম বীর প্রতীক।
সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ইকবাল মাহমুদ খান খান্নার সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য আব্দুল ওদুদ, মুহা. গোলাম মোস্তফা বিশ্বাস, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলামসহ আরও অনেকে।

/এআর/