মানিকগঞ্জের অপহৃত স্কুলছাত্র সিরাজগঞ্জে উদ্ধার

Sirajganj photo on Abducted child & abductor-08-05-17মুক্তিপণের দাবিতে মানিকগঞ্জের অপহৃত তৃতীয় শ্রেণির স্কুলছাত্র বাঁধনকে (৮) সিরাজগঞ্জের তাড়াশ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার (৮ মে) সন্ধ্যায় তাড়াশের নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয়।

অপহরণের চারদিন পর শিশুটিকে উদ্ধার করে মানিকগঞ্জ জেলা ডিবি ও তাড়াশ থানার যৌথ পুলিশের একটি দল। এদিকে অপহরণের দায়ে মোয়াজ্জেম হোসেনকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। পরে শিশুটিকে তার বাবা মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ইজ্জাযাত্রাপুর গ্রামের শেখ আসলাম উদ্দিনের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাড়াশ থানার ওসি মনজুর রহমান জানান, উপজেলার নওগাঁ ইউনিয়নের সাকুয়াদিঘী গ্রামের আকবর আলীর ছেলে মোয়াজ্জেম হোসেন নিজের আসল নাম-পরিচয় ও ঠিকানা লুকিয়ে মানিকগঞ্জের আসলামের বাড়িতে কৃষি শ্রমিক হিসেবে কাজ করতো। গত ৪দিন আগে সে বাধনকে অপহরণ করে। পরে সে শিশুটিকে তাড়াশে নিজ বাড়িতে এনে লুকিয়ে রাখে। শিশুটির মুক্তির জন্য তার বাবার কাছে মোবাইলে ৩ লাখ টাকার মুক্তিপণ দাবি করা হয়। টাকা না পেলে তাকে হত্যা করার হুমকী দেওয়া হয়। শিশুটির বাবা থানায় অভিযোগ করলে মোবাইল ফোনের সূত্র ধরে মানিকগঞ্জ ডিবি ও তাড়াশ থানার পুলিশ অভিযান চালিয়ে শিশুটিকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে। সন্ধ্যার পর তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের হাতে তুলে দেয় পুলিশ।

/এআর/