পুলিশ ও এলাকাবাসী জানায়, দ্বীপচর লাউদারা গ্রামের রহিম প্রামানিকের সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের ২০০৪ সাল থেকে একটি জমি নিয়ে বিরোধ চলে আসছে। এরই জেরে শনিবার সকালে হাবিবুর রহমানের কয়েকজন সমর্থক গ্রামের একটি স্থানে বসেছিল। এ সময় রহিম প্রামানিকের লোকজন তাদের ওপর অতর্কিত হামলা চালায় ও গুলিবর্ষণ করে। হামলায় ১৩ জন গুলিবিদ্ধসহ কমপক্ষে ২০ জন আহত হয়। গুলিবিদ্ধদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের সবাই হাবিবুর রহমানের পক্ষের লোকজন।
গুলিবিদ্ধরা হলেন-মেহেদী হোসেন (১৯), জহুরুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৮), আলামিন হোসেন (৩০), আকাশ (২৪), রনজু প্রামানিক (২৮), রোহান (১৫), হিমেল (১৯), লিলি বেগম (৬০), ফজলু প্রামানিক (৭৩), স্বাধীন (২১), রনি হোসেন (২৫) ও আশরাফ আলী।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বাংলা ট্রিবিউনকে বলেন, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি নিয়ে বিরোধের জেরে এই হামলা হয়েছে বলে জেনেছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/এআর/