বগুড়ার শিবগঞ্জে পিকআপ ও ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত

Bogra-15-05-17-Picture-01 (1)২২

বগুড়ার শিবগঞ্জে পিকআপ ভ্যান ও ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হয়েছেন। সোমবার ভোর ৬টার দিকে শিবগঞ্জের মহাস্থান হাতীবান্ধা এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। আহত দুই জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ।

নিহতরা হলেন,বগুড়া সদরের এরুলিয়া চকপাড়ার মৃত ইজার উদ্দিনের ছেলে চানাচুর কারখানার মালিক রায়হান আলী (৩৪) ও রংপুরের মিঠুপুকুর উপজেলার দমদমা গ্রামের আলু ব্যবসায়ী জহুরুল ইসলাম (৫৫)। আহতরা হলেন, পিকআপ চালক বগুড়া নিশিন্দারার ইউনুস আলীর ছেলে আনসার আলী পলাশ ও অজ্ঞাত পরিচয় হেলপার।

বগুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বজলুর রশিদ জানান, বগুড়াগামী পণ্যবোঝাই পিকআপের (বগুড়া-ন-১১০১৬৬) সামনে থাকা একটি ট্রাক (ঢাকা মেট্রো-চ-১৬-৮২৫৭) হঠাৎ ব্রেক করে। এতে পিআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে মুচড়ে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন। পরে আহত পিকআপ চালক পলাশ ও হেলপারকে উদ্ধার করে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

অন্যদিকে বগুড়ার শাজাহানপুরের আড়িয়াবাজার এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে রবিবার রাতে ট্রাকের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও দুইজন গুরুতর আহত হয়েছেন। নিহত যুবকের নাম আরিফ (২৭)।

আহতদের শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর প্রায় পৌণে এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের কুন্দারহাট ফাঁড়ির ইনচার্জ এসআই কাজল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, ট্রাকটি আটক করা হয়েছে, চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ব্যাপারে শাজাহানপুর থানায় মামলা হয়েছে।

/জেবি/

আরও পড়তে পারেন: মহেশপুর থেকে আটক নব্য জেএমবির দুই সদস্য রিমান্ডে