রাঙামাটিতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য চঞ্চলের বাড়িতে শোকের মাতম

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য চঞ্চলের বাড়িতে শোকের মাতন(ছবি- বগুড়া প্রতিনিধি)

রাঙামাটির মানিকছড়িতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য শাহীন আলম চঞ্চলের (৩২) গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারি তার বগুড়ার আদমদীঘির ধনতলার বাড়ি ও এলাকার পরিবেশ ভারী হয়ে গেছে। তার মরদেহ একনজর দেখার ও সমাহিত করার অপেক্ষা করছেন এলাকাবাসী।

পারিবারিক সূত্র জানায়, বগুড়ার আদমদীঘির ধনতলা গ্রামের কৃষক সারোয়ারদীর চার ছেলেমেয়ের মধ্যে শাহীন আলম চঞ্চল দ্বিতীয় এবং একমাত্র ছেলে। চঞ্চল ২০০৬ সালে সেনাবাহিনীতে যোগ দেন। ২০১২ সালে চমন বেগম নামে এক পুলিশ সদস্যকে বিয়ে করেন। তিনি বর্তমানে ময়মনসিংহ র‌্যাবে কর্মরত আছেন। তাদের  আবু তাহা নামে পাঁচ বছরের একটি ছেলে আছে।

মানিকছড়িতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কে পাহাড় ধসের মাটি সড়াতে গিয়ে নিহত সেনাবাহিনীর ৪ সদস্যের মধ্যে চঞ্চলও ছিলেন। মঙ্গলবার বিকালে শাহীন আলম চঞ্চলের মৃত্যুর খবর পাবার পর থেকে মা-বাবা ও বোনসহ পরিবারের সদস্যদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

রাঙামাটিতে পাহাড় ধসে নিহত সেনা সদস্য চঞ্চল (ছবি- বগুড়া প্রতিনিধি)

বাবা সারোয়ারদী জানান, মঙ্গলবার সকালে মোবাইল ফোনে ছেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে কথা হয়েছে। বিকাল ৩টার দিকে বগুড়া সেনানিবাস থেকে ফোনে জানানো হয় তার ছেলে পাহাড় ধসে মারা গেছেন। এরপর থেকে বাড়িতে শোকের মাতম শুরু হয়েছে। আত্মীয়-স্বজন, পাড়া প্রতিবেশীরা ছুটে আসছেন।

মা সেলিনা বেগম একমাত্র ছেলেকে হারিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। বগুড়া সেনানিবাসের ওয়ারেন্ট অফিসার সুলতান মাহমুদ সাংবাদিকদের জানান, বুধবার বিকালে সৈনিক চঞ্চলের মরদেহ সেনা হেফাজতে গ্রামের বাড়িতে পৌঁছানো হবে। পরিবারের সদস্যরা জানান, জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হবে, তবে এখনো সময় নির্ধারণ হয়নি।

/জেবি/
আরও পড়তে পারেন: কক্সবাজারে পাহাড় ধসের ঝুঁকিতে ৩ লাখ মানুষ