পাবনা-ঢাকা মহাসড়কের বেড়া উপজেলার চাকলা নামক স্থানে বাস খাদে পড়ে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন রাশেদ কবির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু মো.দিলওয়ার হাসান ইনাম।
তিনি জানান, রাতে ঢাকা থেকে পাবনায় যাচ্ছিল যাত্রীবাহি এসি বাস সরকার ট্রাভেলস (ঢাকা মেট্রো-ব ১৪-৮৩৭৪)। পথে বেড়া উপজেলার চাকলা নামক স্থানে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ছনদা ব্রিজের নিচে খাদে পড়ে যায়। এতে অন্তত ১০ জন আহত হন। খবর পেয়ে দমকল বাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বেড়া হাসপাতালে ভর্তি করেন। সেখানে রাশেদ কবিরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার।
দুর্ঘটনার খবর পাওয়ার পর পরই বেড়া থানায় ছুটে যান নিহত রাশেদ কবিরের স্ত্রী, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয়, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. এম আব্দুল আলীমসহ অন্যান্য শিক্ষকরা।নিহত রাশেদ কবিরের বাড়ি ঢাকার আরামবাগে। বাবার নাম ইমাম আহমেদ।
শনিবার (২৯ জুলাই) সকালে তার মরদেহ ক্যাম্পাসে পৌঁছালে শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। প্রিয় শিক্ষকের মৃত্যুতে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। সকাল সাড়ে দশটায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ চত্বরে রাশেদ কবিরের জানাজা অনুষ্ঠিত হয়। তার মরদেহ ঢাকার আরামবাগ গোরস্থানে দাফন করা হবে।
রাশেদ কবিরের মৃত্যুতে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আল-নকীব চৌধুরী শোক প্রকাশ করেন। এক শোক বার্তায় তিনি বলেন, ‘সদালাপী শিক্ষানুরাগী জ্ঞানের সাধক রাশেদ কবির শিক্ষক-শিক্ষার্থীদের কাছে আদর্শ শিক্ষক হিসেবে অনুকরণীয় ছিলেন। সহকর্মীদের কাছে ছিলেন প্রিয় মানুষ। তার মৃত্যুতে নবীন এই বিশ্ববিদ্যালয়ের অপূরণীয় ক্ষতি হলো।’ ভিসি মহোদয় রাশেদ কবিরের পরিবারের প্রতি সমবেদনা জানান।
শোক প্রকাশ করে আরও বিবৃতি দিয়েছেন উপ-উপাচার্য প্রফেসর ড. আনোয়ারুল ইসলাম, শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ শিক্ষক ও কর্মকর্তা ইউনিট, কর্মকর্তা পরিষদ, কর্মচারী পরিষদ।
রাশেদ কবির ১৯৬২ সালের ৩০ নভেম্বর ঢাকার মতিঝিলে জন্ম গ্রহণ করেন। ১৯৭৭ সালে মতিঝিল টি অ্যান্ড টি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৭৯ সালে নটরডেম কলেজ থেকে এইচএসসি, ১৯৮৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগ থেকে ¯স্নাতক ও ১৯৮৫ সালে ¯স্নাতোকোত্তর ডিগ্রি লাভ করেন। ১৪তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৩ সালে শহীদ বুলবুল কলেজে প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১০ সালে তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগদান করেন। ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রীসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে গেছেন।
/জেবি/
আরও পড়তে পারেন: চাঁপাইনবাবগঞ্জে মানি লন্ডারিং ও সন্ত্রাসী অর্থায়ন প্রতিরোধে কর্মশালা