শিবিরকর্মী সন্দেহে রুয়েটের ১২ শিক্ষার্থী কারাগারে

কারাগারশিবিরকর্মী সন্দেহে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ১২ শিক্ষার্থীকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাব্বি হোসাইন, সাইফুল ইসলাম, আল-আমিন, মতিউর রহমান, গোলাম রব্বানী, সেফাউল হক, হায়দার আলী, শাকিব আহম্মেদ, সালমান, জিহাদুল ইসলাম, তৌহিদুর রহমান ও আশফিয়া খাঁন।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার ইফতেখায়ের আলম বলেন, মঙ্গলবার ভোরে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ইসলামী ছাত্র-শিবির রুয়েট শাখার ১২ কর্মীকে আটক করে। ওইসময় জিহাদী বই পুস্তক জব্দ করা হয়।

তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া মডেল থানা পুলিশ জানতে পারে ভদ্রা এলাকায় একটি বাসায় ইসলামী ছাত্র-শিবিরের কর্মীরা গোপন বৈঠক করছে। পুলিশ বাসাটি ঘেরাও করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে শিবির কর্মীরা তাদের লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে। পুলিশ কৌশলে ধাওয়া দিয়ে ১২ জন শিবির কর্মীকে আটক করতে সক্ষম হয়। তবে বেশ কয়েকজন শিবিরকর্মী পালিয়ে যায়।

এ সময় বাসায় তল্লাশি চালিয়ে গোলাম আজম, মওদুদীর লেখা বই পুস্তক, ব্যক্তিগত রিপোর্ট বই, সাথী প্রস্তুতি ফরম ও ব্যানার জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে অনেকে সাথী রয়েছে। এরা সবাই রুয়েটের শিক্ষার্থী।

/বিএল/