জাতীয় দলের সাবেক ক্রিকেটার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানান, সকাল ১১টার দিকে শামসুল ইসলাম পুকুরে গোসল করতে যান। পরে অনেকক্ষণ না ফেরায় পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুঁজির একপর্যায়ে পানির নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে।
পাইলটের চাচাতো ভাই সোহেলও জানান, চাচা পুকুরে গোসল করতে গিয়ে অনেক দেরি করায় বাড়ির সামনের পুকুরে গিয়ে খোঁজ করা হয়। এসময় পানির নিচে তার মৃতদেহ পাওয়া যায়।
রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক চিন্ময় কান্ত দাস বলেন, ‘খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে পুকুর পাড়েই শামসুল ইসলামকে পরীক্ষা করা হয়। উদ্ধারের আগেই পানিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে তিনি মারা গেছেন।’
উল্লেখ্য, শামসুল ইসলাম মোল্লা সাবেক ফুটবলার ছিলেন, পাকিস্তান আমলে পাকিস্তান যুব দলের হয়ে রাশিয়ায় খেলেছেন। স্বাধীনতার পর বাংলাদেশ জাতীয় দলে না খেললেও মোহামেডান এবং আবাহনীর হয়ে খেলেছেন তিনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডাইরেক্টরও ছিলেন।