দেশের শান্তি রক্ষায় আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান নাসিমের

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমশেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ শান্তির দেশে পরিণত হয়েছে মন্তব্য করে আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের মুখপাত্র স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জের কাজিপুরে মাতৃস্বাস্থ্য সেবা নিশ্চিত করা উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন মন্ত্রী।

মোহাম্মদ নাসিম রোহিঙ্গা সংকট প্রসঙ্গ টেনে বলেন, ‘মিয়ানমার একটি বর্বর জাতি, সরকার তাদের জনগণের ওপর গুলি চালিয়ে মানুষকে হত্যা করছে। রাখাইনরা খাদ্য এবং নিরাপদ আশ্রয়ের আশায় বাংলাদেশে অনুপ্রবেশ করছে। আর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মায়ের মমতা ও বোনের ভালবাসা দিয়ে রোহিঙ্গাদের আশ্রয় দিয়েছেন। তাদের মুখে খাবার তুলে দেওয়া হচ্ছে, স্বাস্থ্য ও চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের প্রতি মানবিক এই আচরণের জন্য শেখ হাসিনা বিশ্বের বুকে প্রশংসিত হয়েছেন। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা শেখ হাসিনাকে মাদার অব হিউম্যানিটি উপাধিতে ভূষিত করেছেন।’  তিনি বলেন, দেশ এখন অনেক এগিয়ে গেছে,  সেকেলে স্বাস্থ্যসেবা আর নেই। মাতৃসেবা এখন অনেক উন্নত।  মাতৃমৃত্যুর হারও অনেক কমে এসেছে, মানুষের গড় আয়ু বেড়েছে। মাতৃমৃত্যুর হার আরও  কমাতে হাসপাতালে নিরাপদ মাতৃসেবা নিশ্চিত করার জন্য আহ্বান জানান মন্ত্রী।

কাজিপুর উপজেলা হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত পরিবার পরিকল্পনা অধিদফতরের এম.সি.এএইচ বিভাগ আয়োজিত অবহিতকরণ কর্মশালার সভাপতিত্ব করেন কাজিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোজাম্মেল হক সরকার বকুল। সমাবেশে কাজিপুর উপজেলা ও ইউনিয়ন পরিষদের  নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান ও ইউপি সদস্যসহ সরকারী কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পরিবার পরিকল্পনা অধিদফতরের মহাপরিচালক মোস্তফা সারোয়ার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী আ খ ম মহিউল ইসলাম, সিভিল সার্জন ডা. শেখ মো. মনজুর রহমান, সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সৈয়দ ইরতিজা আহসান, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর ইসলাম প্রমুখ।

পরে মন্ত্রী তার নির্বাচনি এলাকা সোনামুখীতে ফুটবল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের উদ্বোধন এবং পুরস্কার বিতরণ করেন।

আরও পড়ুন:

মিয়ানমার সেনাদের টাকা দিয়ে টিকে থাকা বিত্তশালীরাও আসছে এবার